গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় খাঁ পাড়া রোডে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। আশামনি শিশু পার্কের সামনে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সড়কটিতে বছরের অধিকাংশ সময়ই পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। ফলে রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। অনেক রিকশাচালক ওই সড়ক দিয়ে যেতে অনীহা প্রকাশ করেন, আবার কেউ গেলে অতিরিক্ত ভাড়া দাবি করেন।
এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও কর্মজীবীরা। প্রতিদিন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে বাড়তি সময় এবং অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল ও অপরিকল্পিত হওয়ায় পানি জমে থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।